হাটহাজারী তান্ডবের ঘটনায় দায়ে হওয়া দুটি মামলায় হেফাজতে ইসলামের হাটহাজারী পৌর কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক আমিনুল্লাহ প্রকাশ আমিনুল ইসলামকে (২৭) ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে হাটহাজারী থানা পুলিশ আমিনুল ইসলামকে উক্ত দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করেন।
আদালতের জেলা পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এক মামলায় ২ দিন ও আরেক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জানা যায়, আমিনুল ইসলাম হাটহাজারী এলাকার ইউনুছ খলিফার সন্তান। গত ২৭ মে হাটহাজারী থানা পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হাটহাজারিতে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা। তাণ্ডবে থানার পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় চারজন। এসব ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাতনামা কয়েক হাজারজনকে আসামি করে মোট ৭ টি মামলা দায়ের হয়। পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দায়ের হওয়া এসব মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতার হয় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকেও।








