চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম ও এডভোকেট ইকবাল হাছান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক বার্তার মাধ্যমে তারা এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ডা. এটিএম রেজাউল করিম বলেন, চট্টগ্রাম–৭ সংসদীয় আসনে জনাব হুমাম কাদের চৌধুরীর বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত, আমরা সেই রায়কে সম্মান ও স্বাগত জানাই। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মাঝেও আমাদের মনোবল সবসময় অটুট ছিল, আছে এবং থাকবে। ফলাফল যাই হোক, দল–মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে। আমি সবসময় আপনাদের পাশেই ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।
অন্যদিকে, এডভোকেট ইকবাল হাছান তার বার্তায় লিখেন, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিজয়ী প্রার্থী জনাব হুমাম কাদের চৌধুরীকে অভিনন্দন। প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের নির্বাচনী যাত্রায় নিঃস্বার্থভাবে যারা সাথে ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। দল–মত নির্বিশেষে রাঙ্গুনিয়ার মানুষের পাশে ছিলাম। সবসময় থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য নিরাপদ ও বসবাসোপযোগী রাঙ্গুনিয়া গড়তে সব দলের রাজনৈতিক কর্মীকে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হওয়ার অর্থ অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করা নয়, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।
নির্বাচন পরবর্তী এই সৌজন্যমূলক আচরণকে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই দুই প্রার্থীর উদার মানসিকতার প্রশংসা করছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা হ্রাস পাবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।












