হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা

প্লট দুর্নীতি ববি-রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরো দুই মামলার রায় দিয়েছে আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার ভাগ্নে ও দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। মামলা দুটির একটি আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের দেওয়া হয়েছে ৭ বছর করে কারাদণ্ড। তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় ৫ বছর করে ১০ বছর এবং তাদের বোন ব্রিটিশ এমপি টিউলিপের ২ বছর করে ৪ বছর কারাদণ্ড হয়েছে। খবর বিডিনিউজের।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম গতকাল সোমবার এ দুই মামলার রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বোনকে প্লট বরাদ্দে সহায়তা করেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাইবোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

দুদকের দায়ের করা এ দুই মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড। আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। সেই সঙ্গে ববি ও রূপন্তীর নামে পূর্বাচলের দুই প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপসহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচারকাজ চলে। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি।

রায়ের পর দুদকের কৌঁসুলি খান মো. মঈনুল হাসান লিপন বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলাম। সেটা হয়নি। কমিশনের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগ্নি আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম গতকাল এ দুই মামলার রায়ে রাজউককে এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খান মো. মঈনুল হাসান লিপন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ধানের শীষ প্রতীকে তরুণ ভোটার টানতে প্রচারণা
পরবর্তী নিবন্ধবন্দরের ১৫ কর্মচারীকে নতুন করে বদলি