রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলমের আদালত বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন।
গতকাল ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর একটি সূত্র জানায়, সোমবার (আজ) শেখ হাসিনাসহ অপর আসামিদের দুই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। এদিন বেলা ১১টার দিকে বিচারক এ মামলার রায় ঘোষণা করবেন। খবর বাসসের।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় শেখ হাসিনা–টিউলিপসহ ১৮ জন করে ৩৬ জন আসামি। এরমধ্যে গত ১৮ জানুয়ারি রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা–টিউলিপ–রাদওয়ানের মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম। অপর দিকে গত ১৩ জানুয়ারি রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে শেখ হাসিনা–টিউলিপ–আজমিনার মামলার রায় ঘোষণার জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন একই আদালত।
শেখ হাসিনা–টিউলিপ–রাদওয়ানের মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান। ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।












