হাসান মো. শওকত আলী সিএমপির নতুন কমিশনার

চট্টগ্রামে পুলিশে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মো. শওকত আলী। একইসঙ্গে চট্টগ্রাম রেঞ্জ এবং পুলিশের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

এদিকে বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি পদে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধফাঁকা নগরে থাকবে চার স্তরের বিশেষ নিরাপত্তা