হাসপাতাল হবে অন্য জায়গায়, রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আজাদীকে বলেছেন, ড. হাছান মাহমুদ, ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল ও আমি, আমরা তিনজন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। উনাকে আমরা একটা লিখিত চিঠি দিয়েছি। চিঠিতে চট্টগ্রামের সংসদ সদস্যরাও স্বাক্ষর করেছেন। আমরা বলেছি, সিআরবি থেকে হাসপাতালটি রেলের অন্য জায়গায় বাস্তবায়নের জন্য। আমরা বলেছি, হাসপাতাল হোক এটা আমরা চাই। তবে সেটা সিআরবি ছাড়া রেলের আরো অনেক জায়গা আছে, সেখানে করা হোক।
তিনি বলেন, সিআরবি আমাদের চট্টগ্রামের ফুসফুস। এই সিআরবিকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সিআরবিকে বাঁচানোর জন্য। চট্টগ্রামের মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিআরবি থেকে ইউনাইটেড হাসপাতাল নির্মাণের প্রকল্পটি রেলের অন্য যে কোনো জায়গায় স্থানান্তরের জন্য আমরা চট্টগ্রামের মন্ত্রী-এমপিরা রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।
মোশাররফ বলেন, ব্রিটিশ আমলে নির্মিত সিআরবি ভবনটি শুধু চট্টগ্রামে নয়, পুরো দেশের মধ্যে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। এখানে শতবর্ষী অসংখ্য বৃক্ষ রয়েছে। এখানে হাসপাতাল হলে প্রকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এজন্য আমরা সিআরবি থেকে হাসপাতালটি রেলের অন্য জায়গায় স্থানান্তরের জন্য বলেছি। হাসপাতাল হবে, তবে সেটা অন্য জায়গায়। রেলমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচিঠিতে যা বলা হয়েছে
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই