হালিশহর থেকে এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদার (২৮)। গত বুধবার দিবাগত রাতে নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। ধৃত আফতাব খুলশী থানার ওয়ারল্যাস কলোনি এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।

এদিকে গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হওয়ার পর আফতাবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি। এ বিষয়ে এনসিপি চট্টগ্রামে মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, এনসিপি’র নীতি, আদর্শ এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব। কিন্তু মো. আফতাব মজুমদারএর বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ অবস্থায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক ও সদস্য সচিব এর নির্দেশক্রমে আফতাব মজুমদারকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় নগরের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৯) মামলা করেন। ওই ছাত্রীর অভিযোগ, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাস দিয়ে আফতাব তাকে গত ১৪ জুলাই রাতে বহাদ্দারহাটে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে আফতাব তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, আফতাব বিবাহিত। তার সন্তানও আছে। আফতাবের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিতকরেছেন সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ বাবার ভক্ত পরিচয়ে স্বর্ণালংকার আত্মসাৎ
পরবর্তী নিবন্ধভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের