নগরের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, হালিশহরের মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে।
তিনি গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় সেখানে চিকিৎসাধীন হালিশহরের ঘটনায় দগ্ধ রোগীদের খোঁজখবর নেন তিনি। হাসপাতাল পরিদর্শনকালে সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরের ঘটনায় দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিদর্শন শেষে সাঈদ আল নোমান দগ্ধদের মধ্যে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।











