হালিশহরের সেই ভবন পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

গ্যাস বিস্ফোরণে ৬ জনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন নিহতের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি। গতকাল সকালে হালিশহরের এসি মসজিদ সংলগ্ন ছয়তলা বিশিষ্ট ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটি সরেজমিনে পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

এ সময় তারা বিস্ফোরণের সম্ভাব্য উৎস, গ্যাস লাইনের সংযোগ, অভ্যন্তরীণ পাইপলাইন এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়। তারা হলেন, মো. সাখাওয়াত হোসেন (৪৬), আশুরা আক্তার পাখি (৩০), সামির আহমেদ সুমন (৪০), নূরজাহান আক্তার রানী (৪০), শাওন (১৬) ও মো. শিপন হোসেন (৩০)। আহতদের মধ্যে বাকি তিনজন এখনো চিকিৎসাধীন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঘটনার পর ঢাকা থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি কাজ শুরু করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কী কারণে দুর্ঘটনা ঘটতে পারে সবকিছু মাথায় নিয়ে আমাদের তদন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু ইরার পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে