হালদা নদীতে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত এই অভিযানে সাড়ে তিন হাজার মিটার অবৈধ ঘের জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি নদীর মাছুয়াঘোনা থেকে নাজিরহাট এবং নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকায় চালানো হয়। কার্প জাতীয় মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখতে এবং অবৈধ মৎস্য শিকার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. শওকত আলী জানান, হালদায় মাছের সুরক্ষা ও বায়োডাইভারসিটি রক্ষায় এ ধরনের তদারকি নিয়মিত করা হচ্ছে। জব্দকৃত জালগুলো ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর, মোতালেব, মোজাম্মেল ও ইলিয়াস উপস্থিত ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, হালদার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ শিকারিদের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।











