কক্সবাজার শহরের কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রহিম (৩৯)। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই নুর আহমদ। তিনি বলেন, ঢাকায় ময়নাতদন্তের পর আবদুর রহিমের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হবে। মারা যাওয়া আবদুর রহিম কক্সবাজার শহরের কলাতলীর বিস্ফোরিত গ্যাস পাম্পটির পাশের একটি গ্যারেজের মালিক।
এর আগে গত সোমবার বিকেলে একই ঘটনায় দগ্ধ অটোরিকশাচালক আবু তাহেরের মৃত্যু হয়। তিনি কক্সবাজার শহরের কলাতলীর বাসিন্দা। এ ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কঙবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি বাড়ি, পাশের একটি গ্যারেজে রাখা ৪০টি গাড়িসহ নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হন অন্তত ১৬ জন। এর মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। গত রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় গ্যাস পাম্পের মালিক নুরুল আলমের বিরুদ্ধে একটি মামলা করেন বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন। বিস্ফোরণের পর থেকে পাম্পের মালিক আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পাম্পে বিস্ফোরণ ও আগুনের ঘটনা তদন্ত এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এরপর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









