হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। এতে আরও ৩ জনকে বিবাদী করা হয়েছে। গতকাল চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী কৃষ্ণা মালাকার। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, জয় মালাকার, শামসুল আলম মন্টু চৌকিদার ও জাহেদুল হাসান চৌধুরী ওরফে সিফাত। মামলার আরজিতে বলা হয়, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে (কৃষ্ণ মালাকার) বসতভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা করে আসছে এবং সেখানে বসবাস করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। ২০২৪ সালের ২৫ অক্টোবর সকালে প্রথম দফায় আসামিরা বাড়িতে গিয়ে বাদীকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেওয়া হয়। এরপর সবশেষ গত ১০ মার্চ আবারও বিবাদীরা বাদীর বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং পানির ট্যাংকির পাইপসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে একটি ইটভাটায় ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আদালতে এক ব্যবসায়ী মামলা দায়ের করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশের সাঁকোই ভরসা, আশ্বাসেই কাটছে যুগ
পরবর্তী নিবন্ধঢাকায় শহীদ মিনারে কুপিয়ে ও গুলি করে কলেজছাত্রকে হত্যা