ফটিকছড়ির ভূজপুরে ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে মো. শফিউল আলম নামের এক ব্যবসায়ী। গতকাল চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে আলাউদ্দিন নামের একজনসহ অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী ওসমান গনি এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ভূজপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে বিবাদীরা বাদীর এন এস ব্রিকফিল্ডে এসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চারদিনের সময় দিয়ে চলে যান। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা পুনরায় ব্রিকফিল্ডে এসে ফের চাঁদা দাবি করেন এবং বাদীকে মারধর করা হয়। ব্রিকফিল্ডে ভাংচুর করে ৫০ হাজার টাকার সম্পদের ক্ষতি করা হয়েছে বলেও আরজিতে উল্লেখ করা হয়।












