হারুয়ালছড়িতে ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির মূল প্রশাসনিক কাঠামোর সাথে থাকার দাবিতে এবং প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হারুয়ালছড়ি ইউনিয়ন। গতকাল (শুক্রবার) ছাত্র সমাজের ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা জানান, তারা কোনোভাবেই মূল ফটিকছড়ি উপজেলা থেকে বিচ্ছিন্ন হতে চান না। আন্দোলনকারীদের দাবি, বর্তমান ফটিকছড়ি সদর বা বিবিরহাট তাদের জন্য ভৌগোলিকভাবে বেশি সুবিধাজনক। তারা হুশিয়ারি দিয়েছেন যে, জনমতের তোয়াক্কা না করে জোরপূর্বক নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ নামক নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে হারুয়ালছড়ি ইউনিয়নকে নতুন এই উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। চবির শিক্ষার্থী ইলিয়াস সানী মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাকিবুল হাসান সিকদার, আহসান হাবিব, শাহাদাত আরমান, আশরাফ হোসেন, তাসভীর, ইসমাইল হোসেন, মো: জামশেদ, ফখরুদ্দীন, দিদারুল আলম, আনোয়ার জনি, বখতিয়ার, আবু বকর, মো: কাইয়ুম প্রমুখ। এসময় অতিথি ছিলেন, নুরুল ইসলাম মেম্বার, মোহাম্মদ হাসান, সাগর চৌধুরী, মুফতি বোরহান উদ্দিন মোহাম্মদ শফিউল বশর, অ্যাডভোকেট ইয়াকুব আলী সিফাত, মামুন মেম্বার, ফরিদুল ইসলাম চৌধুরী, তৌফিক চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএ অঞ্চলে ইসলাম এনেছেন পীর আউলিয়ারা