চট্টগ্রামে দুই শিশুর হাম রোগ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন হাটহাজারীর নাঙ্গলমোড়া এবং অপরজন বোয়ালখালীর কধুরখীল থেকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তাদের হাম রোগ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। শিশু দুটির বয়স যথাক্রমে ৫ মাস ৫ দিন ও ৫ মাস ১৪ দিন। এছাড়া হামের লক্ষণসহ জ্বর, সর্দি–কাশি ও নিউমোনিয়া নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ জন শিশু ভর্তি হয়। এরমধ্যে গতকাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে ১২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৪ শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা প্রথম ডোজ দিতে হয় ৯ মাস বয়সে। কিন্তু শনাক্ত হওয়া দুই শিশুর এখনো টিকা দেয়ার বয়সই হয়নি। এছাড়া বেশিরভাগ শিশুর বয়স সাত থেকে ১৫ মাসের মধ্যে।
এদিকে জানা গেছে, হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে পৃথক একটি কর্ণার করা হয়েছে। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, সাধারণত হামের লক্ষণ দেখেই প্রাথমিকভাবে রোগ শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়। তবে নমুনা পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে যাদের শনাক্ত করা হয়, তাদের বেশির ভাগের ক্ষেত্রেই পরে হাম ধরা পড়ে। হামের আলাদা ব্যবস্থা না থাকলেও রোগীদের আলাদা স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা কাশি–হাঁচির মাধ্যমে ছড়ায়। জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়ার পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। শিশুদের মধ্যে ঝুঁকি বেশি এবং জটিলতা হলে নিউমোনিয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সময়মতো এমএমআর টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়। তবে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেসব শিশু নিয়মিত মায়ের বুকের দুধ খায় এবং ভিটামিন ‘এ‘ ঘাটতি নেই তাদের হাম হওয়ার সম্ভাবনা কম। হাম প্রতিরোধের জন্য শিশুদের অপুষ্টি রোধ করা জরুরি। হাম এমনিতেই ভালো হয়ে যায়। যাদের ভিটামিনের ঘাটতি হয় এবং অপুষ্টিতে ভোগে তাদের হাম হলে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। নিয়মিত চিকিৎসায় বেশিরভাগ শিশু ভালো হয়ে যায়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, আমাদের হাসপাতালে ১২ জন শিশু ভর্তি আছে। এরমধ্যে একজনের পরীক্ষায় হাম ধরা পড়েছে এবং বাকি ১১ জন সন্দিগ্ধ রোগী। তবে সবাইকে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রামের হাটহাজারী এবং বোয়াখালী উপজেলার দুই শিশুর হাম শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরো ১৬ জন শিশু চিকিৎসা নিচ্ছে। হামের রোগের লক্ষণ নিয়ে সব শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তাদের হাম হয়েছে কিনা। তবে সরকারিভাবে আমাদের টিকা কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে কোনো শিশু টিকা থেকে বাদ পড়েছে কিনা সেটি খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি।
এদিকে চট্টগ্রাম জেলার সির্ভিল সার্জন কার্যালয় সম্প্রতি এক নির্দেশনায় জানিয়েছে, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সকল স্বাস্থ্য সহকারী তাদের নিজ নিজ ওয়ার্ডে আইপিসি করে গত ২৪ মাসে যে সকল শিশু এমএমআর প্রথম ও দ্বিতীয় ডোজের ড্রপআউট (বাদ পড়া) আছে তা খুঁজে বের করে দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। যে কোনো জায়গায় সন্দেহজনক হাম রোগী (যে কোনো বয়সী) পাওয়া গেলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের আউটডোরে সন্দেহজনক হাম রোগী (যে কোনো বয়সী) পাওয়া গেলে সাথে সাথে স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করতে হবে। স্যাম্পল কালেকশনে অবশ্যই সিরাম ও সোয়াব উভয় স্যাম্পলই কালেকশন নিশ্চিত করতে হবে।












