দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি তিনজন মারা গেছে। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছে। অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬২ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৫৮ জন মারা গেছে। হাম আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১০৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৭৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯৪, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।












