হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর থেকে। কোচের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে ন্যাশনাল টিমস কমিটির আলোচনায় বসে শনিবার। বৈঠক শেষে কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কোচের সন্ধানে আছেন তারা। ২০২২ সাল থেকে বাংলাদেশের কোচের দায়িত্বে থাকা কাবরেরার সামনেও অবশ্য সুযোগ থাকছে। যদিও গত চার বছরে তার অধীনে বাংলাদেশের প্রাপ্তি মিশ্র। ৩৯ ম্যাচের মধ্যে জয় মাত্র ১০টি, সেগুলোও তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে। সদ্য শেষ হওয়া বাছাইয়ে ভারতের বিপক্ষে পাওয়া জয়টিই সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি। তবে কাবরেরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বাবু। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার চুক্তি আছে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত। যার পরিপ্রেক্ষিতে এখন থেকেই বাফুফে নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। বাবু জানান, ‘আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, আমাদের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটিতে যারা থাকবেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী কোচ কে হবেন। এখন পর্যন্ত যেহেতু আমাদের এই ৩০ তারিখ পর্যন্ত কাবরেরার সাথে চুক্তি রয়েছে, অতএব সে এখন পর্যন্ত আমাদের আছে। এখন থেকে যে কোচের ইন্টারভিউ আমরা নেব, তার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’
‘ভালো বিকল্প’ না পেলে কাবরেরাকে রেখে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন বাবু। ‘আমরা কাউকে কোনো প্রাধান্য দেব না। আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সকল কর্মকর্তারা মিটিংয়ে উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে–আমরা আজকে থেকেই সিভি নেওয়া শুরু করে দেব এবং বিদেশেও যোগাযোগ করব, প্রত্যেকটা দেশের সাথে আমরা যোগাযোগ করব, প্রত্যেকটা দূতাবাসের সাথে যোগাযোগ করব।
যদি কারোর কাছে আরও বেটার কোনো কিছু থাকে, তাহলে আমরা সেটাই আমরা বেছে নিব। কাবরেরার এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিব না।’














