হাতুড়ি নিয়ে দোকানে ঢুকে কর্মচারীর ওপর হামলা সেই মাদক কারবারি আটক

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে দোকান কর্মচারীকে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক হাতে হাতুড়ি আরেক হাতে ধারালো ছুরি নিয়ে একটি দোকানে ঢুকে প্রকাশ্যে এক কর্মচারীকে হামলা করছে এক যুবক। হামলাকারী কয়েক বার হাতুড়ি দিয়ে কর্মচারীকে মারধর করলেও আশপাশের লোকজন কেউ ভয়ে বাধা দিতে সাহস পাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে তাকে ধরতে অভিযানে নামে পেকুয়া থানা পুলিশ। পরে উপজেরা যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুটের সহযোগিতায় পেকুয়া বাইম্যাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গতকাল শুক্রবার বিকেলে পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের এসডিসিটি সেন্টারের ‘দুবাই জোন’ নামের একটি কসমেটিকস দোকানে এ ঘটনা ঘটে। এসময় মার্কেটে ক্রেতাদের কেনাকাটা ভীড় ছিল। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ক্রেতারা দিকবিদিক ছুটোছুটি করে মার্কেটে ক্রেতা শুন্য হয়ে পড়ে।

হামলাকারীর নাম লোকমান (২৮)। সে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলাকায় চুরি, ছিনতাই ও ইয়াবা বিক্রির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত ‘দুবাই জোন’ দোকানের এক কর্মচারী জানান, অভিযুক্ত লোকমানের এক ভাই তাদের দোকানে চাকরি করেন। ভাইদের পারিবারিক বিরোধের জেরে লোকমান দোকানে ঢুকে ছুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, ভাইয়ে ভাইয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ধারালো ছুরি ও হাতুড়ি হাতে মার্কেটে ঢুকে কর্মচারীর ওপর হামলায় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতার সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী নদীর শতাধিক স্থানে ভূ-গর্ভের বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় পুকুরে ডুবে তামাক শ্রমিকের মৃত্যু