হাটহাজারী থেকে এবার অর্ধ গলিত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৬:৩৭ অপরাহ্ণ

হাটহাজারীতে এবার অয়ন দাশ (৩৫) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের পুত্র। সে পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন।

সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে উল্লেখিত এলাকার ওই ভাড়া বাসা থেকে হঠাৎ প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে তিনি হাটহাজারী মডেল থানা পুলিশ কে খবর দিলে মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী এবং এসআই সালাউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই তালা বদ্ধ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়ন দাসের অর্ধ গলিত লাশ দেখতে পান। পরে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী রাতে জানান, উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসংগত, গত বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ একটি ভবনের ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে মুন্নি আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো মডেল থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানকে শান্তির জনপদে পরিণত করতে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী