চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক বিদ্রোহী প্রার্থীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সুপারিশ করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ। ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মজিদের বিরুদ্ধে এ সুপারিশ করা হয়।
জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. সরওয়ার। কিন্তু সেখানে তার বিপক্ষে প্রার্থী হয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মজিদ। এদিকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের সাংগঠনিক শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলের পদ থেকে অব্যাহতি দিতে লিখিত আবেদন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম।
এই ব্যাপারে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান আজাদীকে জানান, আমার কাছে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মজিদের বিরুদ্ধে বহিস্কারের সুপারিশ পাঠানো হয়েছে। আমি এই সুপারিশপত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পাঠিয়েছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই সুপারিশপত্র জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন। জেলা আওয়ামী লীগ তা কেন্দ্রে পাঠিয়ে দেবেন। আমরা চাইলে বহিষ্কার করতে পারবো না। কেন্দ্র থেকে করতে হবে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে হাটহাজারী উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।










