হাটহাজারীতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ পুনরুদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরের দিকে হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট এলাকার ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে একটি চক্র ওই সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। অভিযানকালে খাস খতিয়ানভুক্ত সরকারি জমিটি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সেখানে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, পুনরুদ্ধার হওয়া এই সরকারি সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।












