হাটহাজারীতে ১১ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে হাটহাজারী উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি মামলায় ১০ প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে আরও একটি মামলায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকালের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে ও মঙ্গলবার দিবাগত রাতে উত্তর মাদার্শা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।

সূত্র জানায়, বাজার মনিটরিং চলাকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং সড়কে উল্টো পাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স জনপ্রিয় স্টোর (২ হাজার টাকা), মেসার্স পাল স্টোর (৫ হাজার টাকা), মেসার্স নন্দী স্টোর (১ হাজার টাকা), এস বি স্টোর (২ হাজার টাকা), সালেহ পোল্ট্রি (২ হাজার টাকা) এবং ইউনুস মেহের টাইলস (১০ হাজার টাকা)। এছাড়া মো. তারিককে (৩৪) ২ হাজার, মো. হানিফকে ১ হাজার, মো. মহিউদ্দিনকে ২ হাজার এবং মো. মনিরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্টার (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।

অন্যদিকে উত্তর মাদার্শা সৈয়দ আহমেদ হাটের পূর্ব পাশে সড়কসংলগ্ন কৃষিজমির টপসয়েল কাটার সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩এর সংশ্লিষ্ট ধারায় মো. নাইম (২৫), পিতা মৃত মো. জাফর, সাং নন্দীরহাটকে ২ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তাকর্মচারী ও হাটহাজারী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইলম ও ইশকে মাইজভান্ডারী মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধএতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো