হাটহাজারীতে ১০ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হাটহাজারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ মামলায় মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও সড়ক দখলের অভিযোগে এসব দণ্ড দেওয়া হয়।

গত বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

প্রশাসন জানায়, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ভাই ভাই ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স হাজী নিউ আবদুর রাজ্জাক স্টোরকে ৫ হাজার টাকা, খাজা গরীবে নেওয়াজ নারিকেল আড়তকে ১০ হাজার টাকা, আল আমিনকে (২৫) ২ হাজার টাকা এবং মো. রুবেলকে (৩৫) ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া যানজট নিরসনে বিকাল ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বাসস্ট্যান্ডে অবৈধভাবে পার্কিং করা যানবাহন ও দখলকৃত অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

ব্যবসায়ীদের সতর্ক করা এবং কাঁচাবাজার সড়কে না বসার নির্দেশনা দেওয়া হয়।

দিনের দুই অভিযানে মোট ১০ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা