হাটহাজারীতে চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের উপর বিপদজনকভাবে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরী করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে সরেজমিনে উপজেলার মেখল ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড জান আলী চৌধুরী বাড়ীর পশ্চিম পাশের গিয়াসউদ্দিন চেয়ারম্যানের (সাবেক) বাড়ির রাস্তার মাথায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এছাড়াও বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার ইছাপুর খেলোয়াড় সমিতির সামনে, সত্তারঘাটের পশ্চিমেসহ ইছাপুর ফয়জিয়া বাজারের কয়েকটি স্থানে, ওই বাজারের পূবালী ব্যাংকের সামনে, জান আলী চৌধুরী বাড়ির উত্তর পাশে চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের পাশে, হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, উপজেলা পরিষদের মেইন গেটের পূর্ব নির্মাণ সামগ্রীর স্তুুপ দেখা গেছে।
স্থানীয়রা জানান, এভাবে ব্যস্ততম একটি মহাসড়কে এভাবে নির্মাণ সামগ্রী রাখায় যেকোনো মুহুর্তে প্রাণহানীর মতো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখিত মেখল ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড জান আলী চৌধুরী বাড়ীর পশ্চিম পাশে গিয়াসউদ্দিন চেয়ারম্যানের (সাবেক) বাড়ির রাস্তার মাথায় একই কায়দায় বালুসহ নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখায় গত ২০২৩ সালের ৯ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় একই ইউপির ১নং ওয়াডস্থ গিয়াস চেয়ারম্যান (সাবেক) বাড়ীর মো. আলীর একমাত্র পুত্র মাত্র ৪ পূর্বে বিয়ে করা মো. হাসান তারেক (২৪) মর্মান্তিকভাবে নিহত হয়েছিলো। তারপরও কিছু মানুষ অমানুষের মতো বিবেকহীনভাবে রাস্তার উপর বিপদজনকভাবে সামগ্রী স্তুপ করে রাখে। এ ব্যাপারে স্থানীয়রা যথাযত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি খবর নিয়ে দেখছি। এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে যথাযত ব্যবস্থা নিচ্ছি।










