হাটহাজারীতে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পূর্ব শিকারপুর গ্রাম থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, উল্লেখিত ওয়ার্ড এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুঁটির পাশের জমিতে একটি মরদেহের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার দিকে মরদেহের খণ্ডিত ১টি হাত ও ২টি পা পোড়া এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। মরদেহের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খণ্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির ধারণা সূচকে সামান্য উন্নতি
পরবর্তী নিবন্ধসারাদেশে ৫ দিন ড্রোন ওড়াতে মানা