হাটহাজারীতে বিয়ের ৪ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাদিয়া আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকির বাড়ির মো. শফির কন্যা।

সূত্র জানায়, মাত্র ৪ মাস আগে সাদিয়ার বিয়ে হয়। তিনি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ আবদুল কাদের উকিল বাড়ির ফয়জুল ইসলামের পুত্র প্রবাসী মো. ওয়াহিদুল আলম প্রকাশ আসিফের স্ত্রী। তারা চলতি মাসের শুরুতে পৌরসভা এলাকার হাবিবা ভিলার নিচ তলায় ভাড়া বাসায় উঠেন।

গতকাল দুপুরের পর থেকে ভাড়া বাসার দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন ঘরের জানলা দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়া ঝুলন্ত অবস্থায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকোম্পানি রপ্তানি দেখাল ১২১ টন, কন্টেনার ছিল খালি
পরবর্তী নিবন্ধ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে : ধর্মমন্ত্রী