হাটহাজারীতে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর

চুলা থেকে আগুন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর মেখল গ্রামের চাঁদ গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আবদুল কাইয়ুমের ঘরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আবদুল কাইয়ুম ও তার ভাই বেলালের আধাপাকা বসতঘরের চারটি কক্ষ, রান্নাঘরসহ ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের কয়েকটি বাড়িঘর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত আবদুল কাইয়ুম জানান, এ ঘটনায় তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত দুই পরিবারই অসচ্ছল। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এদিকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত দুই পরিবারকে চাল, ডাল, তেলসহ জরুরি ত্রাণসামগ্রী, চারটি কম্বল, দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সুপারিশে পরীক্ষা গ্রহণ কমিটি গঠন
পরবর্তী নিবন্ধঅব্যবস্থাপনায় নাকাল বটতলী স্টেশন