হাটহাজারীতে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এক মাস ১৯ দিনের মাথায় নিহত নববধূ মোছা. ঝুমা আক্তার (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙামাটি মহাসড়কের হাটহাজারীর আমান বাজার এলাকায় বায়তুল আমান জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রসঙ্গত, গত ১৯ মার্চ দুপুরে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার একটি বাসার দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে ঝুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২২ মার্চ চিকনদণ্ডী ইউনিয়নের কারকনের পাড়া এলাকার চাঁন মিয়া টেন্ডল বাড়ির বাসিন্দা নিহত ঝুমার পিতা মো. শাহআলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাটহাজারী থানাধীন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের করিম বেকারী বাড়ির আমিন ভিলার আজগর আলীর পুত্র স্বামী নেওয়াজ শরীফ প্রকাশ বাবুকে (৩১) আসামি করা হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মানববন্ধনে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম, স্থানীয় এলাকাবাসী মো. রাশেদ আলী মাহমুদ, হাজী বেলাল মিয়া, শাহ আলম মেম্বার, মো. সরোয়ার, নাছির উদ্দীন, ইছা শফিক, আবদুল হালিম, উজ্জল দত্ত, আহসান উল্লাহ, আবদুর রহিম, আবু তালেব, শাহজাহান, হামিদ, মো. শোয়াইব, মো. জাবেদ, মো. মিজান, মিজানুর রহমান, নাজিম উদ্দীন, মো. ইমন, মোস্তফা জিমি, মো. সাকিব, মো. নওশাদ, মো. রাফি, মো. রাহাত ও মো. ইহানসহ এলাকার স্কুল–কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং চিকনদণ্ডী ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঝুমা হত্যার আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












