হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক এলাকায় একটি ফলের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যার এ ঘটনায় দোকান মালিক মো. আবদুল হালিম (৩০) ও তার শ্যালক মো. জিহাদ (২২) আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আবদুল হালিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮–১০ জনকে অভিযুক্ত করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে একদল যুবক আবদুল হালিমের দোকানে তরমুজ কেনা নিয়ে তর্কে জড়ায়। এর জেরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবকরা পুনরায় এসে দোকানে হামলা চালায়। এ সময় হালিমকে রক্ষায় এগিয়ে এলে তার শ্যালক মো. জিহাদকেও মারধর করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে জিহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হামলাকারীরা দোকানের ক্যাশ থেকে নগদ টাকা লুট ও মালামাল ভাঙচুর করেছে বলে দাবি করেছেন ভিকটিম আবদুল হালিম। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












