হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামের মোজাফফর হোসেন চৌধুরীর বাড়ির মো. ইউসুফের ঘরে চুরি সংঘটিত হয়েছে। ঘরের জানালার গ্রিল কেটে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুঠ করে নিয়ে গেছে চোর। লুন্ঠিত মালামালের মূল্য ২০ লক্ষাধিক টাকা হবে বলে দাবি ভুক্তভোগীর।
জানা যায়, ভুক্তভোগী মো. ইউসুফ (৬৫) তার পরিবার পরিজন নিয়ে এক নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে বেড়াতে যান। এই সুযোগে গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোর ইউসুফের পাকা বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ঘরের আলমারি ভেঙে ১৫/১৬ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোবাইল লুঠ করে নিয়ে যায়। ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার সেলিম জাহাঙ্গীর চুরির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এই বিষয়ে কেউ জানায়নি। তাছাড়া বাড়িতে এত মূল্যবান মালামাল রেখে এইভাবে বাড়ি খালি রেখে যাওয়া কোনো অবস্থায় ঠিক হয়নি। তবে যেই পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে প্রচার করা হয়েছে তা কতটুকু সঠিক এতেও যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।










