‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান। সভায় বক্তারা বলেন, দুর্যোগ মুহূর্তের মধ্যেই একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে, বিশেষ করে অগ্নিকাণ্ড। প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় সম্পদ রক্ষার সুযোগ থাকলেও অগ্নিকাণ্ডে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। তাই অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে সচেতন করতেই প্রতি বছর সরকার এই দিবসটি পালন করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত সবার সামনে অগ্নিনির্বাপণের একটি মহড়া প্রদর্শন করেন।








