হাটহাজারীতে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান পরিচালনা করে দুইটি চাঁদের গাড়িসহ বিপুল পরিমাণ অবৈধ সেগুন, আকাশমণি ও জ্বালানি কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। গতকাল রবিবার দুপুরে উপজেলার উদালিয়া এলাকা থেকে এ সব কাঠ জব্দ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান উদালিয়া এলাকায় সেগুন গাছ কাটার গোপন সংবাদ ভিত্তিতে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করে প্রায় ২ শ ৫০ ঘনফুট সেগুন ও আকাশমণি কাঠ এবং ২শ ঘনফুট জ্বালানি কাঠসহ দুইটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে।
জব্দকৃত গাছের বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারের বন রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।












