হাটহাজারীতে গত এক সপ্তাহে তিনটি চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ছিপাতলী ইউনিয়ন ও পৌরসভার একটি দোকানে এসব চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার ৬ নং ছিপাতলী ইউনিয়নের আবদুল হামিদ সওদাগরের নতুন বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে প্রথম চুরির ঘটনা ঘটে। পরিবারটির দাবি- গ্রিল কেটে ঢুকে চোরেরা ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
গত বুধবার দিবাগত রাতে পৌরসভার কাচারি সড়কের কনক সেনের স্বর্ণের দোকানের পিছনে টিনের বেড়া কেটে ভিতরে ঢুকে চোর ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক পরিবার নিয়ে দোকানেই থাকেন। কিন্তু ওই দিন চট্টগ্রাম শহরে তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে গেলে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে দোকান মালিক কনক সেন বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ রেকর্ড করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া গত শনিবার দিবাগত রাতে ছিপাতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলম আজমের বাড়ির শফিউল আলমের ঘরে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় চোর ঘরের লোহার গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় গতকাল রবিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ৬ নং ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আহসান লাভু চুরির ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরপর চুরির ঘটনায় স্থানীয়রা আতংকেও ভুগছেন।












