হাটহাজারীতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজসহ মো. এরশাদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া এলাকার একটি ভাড়া ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এরশাদ ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার মো. রফিকের ছেলে। তিনি বর্তমানে ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ উদালিয়া এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফরহাদাবাদের দক্ষিণ উদালিয়া ঢালার মুখ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন এরশাদকে আটক করার পর তার দেওয়া তথ্যানুযায়ী ভাড়া ঘরের ভেতর থেকে ৪টি দেশীয় তৈরি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ, ৪টি কুড়াল ও ২টি দা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা এবং এসআই রুপন নাথসহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় গতকাল বুধবার পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯–এ এবং ১৯ (এফ) ধারায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।












