হাইভোল্টেজ লাইনে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু

চকরিয়ায় নির্মাণাধীন ভবন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবনের পাশে থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক লাইনের সঙ্গে জড়িয়ে তারা ঝুলে ও নিচে পড়ে যান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ ওসমান গণি (১৭)। দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের নিকটাত্মীয় ও ডুলাহাজারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল মান্নান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনতলা ওই ভবনের পলেস্তারার কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন সাগর। তাকে বাঁচাতে গিয়ে ওসমান গণিও বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৪ ভেকু জব্দ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ভোটকেন্দ্রের সরঞ্জাম চুরি