হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

তারাবির নামাজ শেষে হাঁটাঁহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি। গত শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাঁহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। খবর বিডিনিউজের।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

এজাহারে অভিযোগ করা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।

মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধমুশফিকুল ফজলসহ ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার