লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে শনিবার ৪–০ গোলে জিতেছে সিটি। হ্যাটট্রিক করেন হলান্ড, অন্য গোলটি করেন আন্টোনিও সেমেনিও। ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই প্রথম হ্যাটট্রিক। নিজের ও দলের প্রথম গোলটি করেন তিনি সফল স্পট কিকে। শুরুটা ভালো করে লিভারপুল। প্রথম গোলের আগ পর্যন্ত সেরা সুযোগ পায় তারা। আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর, ম্যাচে চালকের আসনে বসে ম্যানচেস্টার সিটি।
এদিকে দলের মতো দিনটি বাজে কাটে মোহামেদ সালাহর। গোলের খুব ভালো কিছু সুযোগ হাতছাড়া করেন তিনি। ব্যর্থ হন পেনাল্টিতেও। ৩৯তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। নিকো ও’রাইলিকে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ফাউল করায় পেনাল্টি পায় সিটি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। বাইলাইন থেকে সেমেনিয়োর চমৎকার কাটব্যাকে নিজের উচ্চতা কাজে লাগিয়ে দারুণ হেডে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন হলান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন ৩–০ করেন সেমেনিও। ৫০তম মিনিটে শেহকির থ্রু বল ধরে চিপ শটে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিট পর আরেকটি দারুণ সুযোগ পান সালাহ। তার শট কোনোমতে ফেরান সিটি গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। আলগা বল সিটির এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়ায় বিপদ ঘটেনি। ৫৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। ও’রাইলির দারুণ কাট ব্যাক পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই দ্রুততম হ্যাটট্রিক। ৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সালাহ। তার স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। একিটিকেকে সিটির মাথেউস নুনেস ফাউল করায় পেনাল্টিটি পায় লিভারপুল।












