ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সামাজিকমাধ্যম ফেসবুকে রহস্যময় এক বার্তা দিয়েছেন। যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। গতকাল মঙ্গলবার ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট দেন এই চিত্রনায়িকা। ওই নারীর পরিচয় উল্লেখ না করলেও তাকে ভালো হওয়ার জন্য সতর্ক করেছেন এই নায়িকা। খবর বাাংলানিউজের।
পরী লেখেন, বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মা–কে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে। তিনি আরও বলেন, আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে। যাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন, তিনি এই পোস্টটি দেখবেন বলেও আশা করেছেন পরীমণি।
নায়িকার কথায়, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও। পরীর এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই রিয়্যাক্ট পড়েছে ১৪ হাজারের বেশি, মন্তব্য সাত শতাধিক। রাজু ওয়াসিফ জিতু নামে একজন মন্তব্য করেছেন, বাচ্চাটিকে নিরাপদ করো আপু। পরীর জবাব, চেষ্টা করছি, দোয়া করবেন।












