হঠাৎ ট্রেন ধর্মঘট, অবর্ণনীয় দুর্ভোগ

মন্ত্রীর আশ্বাসে ৮ ঘণ্টা পর চট্টগ্রামসহ সারা দেশে চলাচল শুরু, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ চালকরা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ায় অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলওয়ে রানিং স্টাফরা (ট্রেন চালক, গার্ড ও টিটিই) গতকাল বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয়। এতে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ৭টা থেকে আড়াইটা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রামসহ দেশের কোনো স্টেশন ছেড়ে যায়নি।
বিষয়টি নিয়ে রেল মন্ত্রণালয়-প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রেলের রানিং স্টাফদের পেনশনে আগের মত মাইলেজ সুবিধা পুনর্বহালে রেলমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ৮ ঘণ্টা পর দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে সর্বপ্রথম সুবর্ণ এক্সপ্রেস দুপুর ২টা ৫৫ মিনিটে ছেড়ে গেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল এবং রেলমন্ত্রীর আশ্বাসের পরপরই বেলা দেড়টা থেকে কমলাপুরসহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এই ব্যাপারে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী আজাদীকে জানান, দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা সকাল থেকে ওদেরকে বুঝানোর চেষ্টা করছি। মন্ত্রী মহোদয় উনাদের নেতাদের সঙ্গে কথা বলার পর তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। সকাল ৭টার সুবর্ণ ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। সাড়ে ১২টার মহানগর এঙপ্রেস ৩টায় ছেড়ে গেছে, ৩টার গোধূলি সাড়ে ৩টায় ছেড়ে গেছে। সোনার বাংলাসহ অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।
বেলা ১২টায় চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল ৭টার ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এঙপ্রেস, সকাল ১০টার চট্টলা এঙপ্রেস, ৮টা ৪৫ মিনিটে সিলেটগামী পাহাড়িকা, সকাল ৯টার ময়মনসিংহগামী বিজয় এঙপ্রেস, সকাল ৭টা ৪০ মিনিটে চাঁদপুরগামী মেইল ট্রেন সাগরিকা এবং ৯টার ঢাকাগামী কর্ণফুলী এঙপ্রেস ট্রেনের শত শত যাত্রী স্টেশনে কেউ বসে গল্প গুজব করছেন, কেউ গন্তব্যে যাওয়ার জন্য টেনশনে এদিক ওদিক ছোটাছুটি করছেন, অনেকেই টিকিট ফেরত দিচ্ছেন, রোজা রাখায় অনেকেই ক্লান্ত হয়ে প্লাটফর্মে শুয়ে আছেন কখন ট্রেন ছাড়বে সেই আশায়।
স্টেশনের প্লাটর্ফমে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাইমুন উদ্দিন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় এখন বন্ধ। তাই ঈদের আগে হল থেকে ময়মনসিংহ বাড়ি চলে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম বিজয় এঙপ্রেসের। সকাল ৯টায় ট্রেন ছাড়ার কথা। স্টেশনে এসে শুনলাম ট্রেন ধর্মঘট। এখন দুপুর দেড়টা। কবে ট্রেন ছাড়বে তাও বলতে পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সকাল ৭টার সুবর্ণ এঙপ্রেসের যাত্রীরা। ৭টার ট্রেন ধরার জন্য অনেকেই স্টেশনে এসেছেন ৬টায়, সাড়ে ৬টা এবং পৌনে ৭টায়। ছোট বাচ্চা, বৃদ্ধ মা-বাবা নিয়ে অনেকেই স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন কখন ট্রেন ছাড়বে সেই আশায়।
শুধু মাইমুন নয়, এরকম হাজারো যাত্রী গতকাল চট্টগ্রাম স্টেশনে এসে সকাল সাড়ে ৬টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, সকাল থেকে রানিং স্টাফদের ধর্মঘটে কোনো ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়নি। সকাল ৭টার সুর্বণ এঙপ্রেস ছেড়ে গেছে দুপুর ২টা ৫৫ মিনিটে। এরপর থেকে ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেন চালকদের ধর্মঘটের কারণে সিলিটগামী পাহাড়িকা, মংমনসিংহগামী বিজয়, সাগরিকা ও কর্ণফুলী ট্রেনে যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে রানিং স্টাফদের পূর্ব নির্ধারিত মাইলেজসহ পেনশন ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। সকাল থেকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাদের দাবি মানার পর দেড়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া। তিনি আজাদীকে জানান, মন্ত্রী মহোদয় আমাদের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছেন। ১৯ তারিখ এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। পেনশনের সাথে মাইলেজ সুবিধা পুনর্বহালে অর্থ মন্ত্রণালয় অসম্মতি জানিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটা বাতিল করা হয়েছে। নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে আমাদের রানিং স্টাফরা ট্রেন চালানো শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধএবার চাহিদা নেই, তবু দাম চড়া ইলিশের
পরবর্তী নিবন্ধধর্মীয় বিভেদমুক্ত দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর