বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজারের দুই উপজেলাকে হামের ‘হটস্পট’ ঘোষণা করেছে সরকার। এই দুই উপজেলা হল, রামু ও মহেশখালী। এর মধ্যে রামুতে জমজ দুই শিশু মারা গেছে। গতকাল শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে দেশের ৩০টি স্থানকে হামের হটস্পট ঘোষণা করা হয়। সেখানে কক্সবাজারের এই দুই উপজেলার নাম রয়েছে।
এদিকে কক্সবাজারে হামের প্রকোপ বেড়েই চলেছে। সর্বশেষ গতকাল শনিবার ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি রামু উপজেলার। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় পাঁচজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এই প্রেক্ষাপটে সারাদেশের অগ্রাধিকার তালিকায় রামু ও মহেশখালীতে আজ রোববার থেকে হামের টিকাদান শুরু হবে। এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, কক্সবাজারে ১ জানুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৫টি শিশু। এর মধ্যে ২৯ মার্চ থেকে গত পাঁচ দিনে ১৩২ জন এবং সর্বশেষ শনিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫জনে উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে পাঁচজন। মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে রয়েছে রামুতে দুইজন, মহেশখালীতে একজন, কুতুবদিয়ায় একজন ও কক্সবাজার সদরের ঝিলংজার একজন। আক্রান্তদের মধ্যে মহেশখালীতে ৪১ জন, রামুতে ১৬ জন, চকরিয়ায় ১৭ জন, কক্সবাজার পৌরসভায় ১৯ জন, সদরে ৯ জন, পেকুয়ায় ৭ জন, কুতুবদিয়ায় ৪ জন এবং টেকনাফের রয়েছে ৪ জন।














