এশিয়ার হকিতে খেলার মাঠ ছাড়াও আম্পায়ারিংয়ে রয়েছে ভারত–পাকিস্তানের আধিপত্য। সেই তুলনায় বাংলাদেশের মাত্র দু’জন বাঁশি হাতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাচ্ছেন। একজন সেলিম লাকী, অন্যজন শাহবাজ আলী। তাদের মধ্যে শাহবাজ আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে সুখবরও পেয়েছেন। আন্তর্জাতিক প্যানেল থেকে পদোন্নতি পেয়ে হাই পটেনশিয়াল প্যানেলের আম্পায়ার হয়েছেন তিনি। সারা বিশ্ব থেকে এই তালিকায় ১২ জন আম্পায়ারের জায়গা হয়েছে। যেখানে নেই ভারত–পাকিস্তানের মতো দেশের কোনও আম্পায়ার। পটেনশিয়াল প্যানেলে থাকায় শাহবাজ এখন অলিম্পিক ও বিশ্বকাপ সহ কমনওয়েলথ গেমসে বাঁশি বাজাতে পারবেন। এর আগে শাহবাজ বিশ্ব হকি লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান গেমস, সি গেমস, জুনিয়র এশিয়া কাপ ও বিশ্বকাপ জুনিয়র আসর এবং নেশন্স কাপ হকি টুতে আম্পায়ারিং করেছেন। পুরান ঢাকার ছেলে শাহবাজের আন্তর্জাতিক ক্যারিয়ার ৯ বছরের মতো। আর পুরো আম্পায়ারিংয়ের ক্যারিয়ার ১৮ বছরের।











