সড়ক দেবে গিয়ে বড় গর্ত প্রবর্তক মোড়ে যান চলাচল বন্ধ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

নগরীর প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের কিছু অংশ দেবে যায়। এ কারণে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইসাথে খালের পানিতে রাস্তাটি সয়লাব হয়ে যায়। পুরো মোড় এবং সন্নিহিত এলাকায় যান চলাচল ব্যাহত হয় মারাত্মকভাবে। সৃষ্টি হয় তীব্র যানজট। সরজমিনে পরিদর্শন এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজড়া খালে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের উপর একটি সেতু প্রায় তিন বছর আগে নির্মাণ করা হয়। বর্তমানে খালের পাশে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। প্রবর্তক মোড়ে সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্ত হয়েছে। সেখানে বালুর বস্তা ফেলে গর্ত ভরাট করতে দেখা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের। এ সময় সড়কে ফিতা টানিয়ে দেওয়া হয়। এতে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায়। বাকি অংশ দিয়ে যান চলাচল করায় ভোগান্তি তৈরি হয়।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, কী কারণে সড়কটি দেবে গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে ভরাট করা হচ্ছে। বৃষ্টি থামলে পুরো অংশটি সংস্কার করা হবে। প্রকল্পের আওতায় হিজড়া খালের কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতায় ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলেওসিডিএর সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক কর্মচারীর ১১ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধযুবদলকর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় সন্ত্রাসী তুহিন গ্রেপ্তার