রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান মারা গেছেন। গতকাল ২৫ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাঙামাটি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন।
এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
এদিকে রাঙামাটি জেলা পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।











