চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব–২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার জীববিজ্ঞান অনুষদের প্রাঙ্গণে রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ও রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয় এবং ২৫ বছরের পূর্তিতে ২৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। পরে বিভাগের শিক্ষা ও গবেষণায় ২৫ বছরের সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল্–ফোরকান। তিনি বলেন, অ্যালামনাইরা একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি। বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষা, গবেষণা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার। আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ আহসান, অধ্যাপক ড. মু. গোলাম কবীর, অধ্যাপক ড. মোহাম্মদ নুরল আনোয়ার, অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল, অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ।














