স্মৃতিময় দুই ছবি প্রধানমন্ত্রীকে দিলেন মার্কিন রাষ্ট্রদূত

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে হোয়াইট হাউজের একটি রেপ্লিকা এবং দুটি আলোকচিত্র উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তিনি বলেন, রাষ্ট্রদূত যে দুটি ছবি উপহার দিয়েছেন, তার একটিতে আছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের অগাস্টে যুক্তরাষ্ট্র সফরে গেলে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। আর বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরের বছর যুক্তরাষ্ট্র সফরে যান। ১৯৯২ সালের ১৯ মার্চ হোয়াইট হাউজের ওভাল অফিসে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র বুশ) সঙ্গে তার প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ১৭ শিশু হাসপাতালে ভর্তি দুইজনের শনাক্ত
পরবর্তী নিবন্ধঅভিযানের খবরে স্কেভেটর রেখে পালালেন সবাই