রাঙামাটিতে নবগঠিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে জেলা বিএনপি। পরে এটি স্থগিত করে নতুন কমিটি গঠনের কথা জানিয়েছে নেতৃবৃন্দ। গত মঙ্গলবার রাতে শহরের কাঠালতলীস্থ রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে এ নিয়ে হট্টগোল হয়। এতে তোপের মুখে পড়ে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের ঘোষণা দেন।
কমিটিতে স্থান না পাওয়া কয়েকজন অভিযোগ করে বলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের একক সিদ্ধান্তে মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে আহ্বায়ক, নাছির উদ্দিনকে সদস্য সচিব এবং মো. বেলাল হোসেন সাকুকে যুগ্ম আহ্বায়ক করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা পাঠানো হয়। এ বিষয়ে কিছুই জানেন না রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। পরে এ কমিটি সোমবার কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়। এতে কমিটি নিয়ে হট্টগোল শুরু হয়।
স্বেচ্ছাসেবক দলের রাঙামাটি জেলার সিনিয়র সহ–সভাপতি মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, একতরফাভাবে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল করতে হবে, তা না হলে দলীয় শৃঙ্খলা মেনে এ কমিটি বাতিলের জন্য যা করা দরকার তা করবেন।
এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার জানান, এই কমিটি নিয়ে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা বিরোধিতা শুরু করে। পরে জেলা বিএনপির কার্যালয়ে হট্টগোল হয়। এই কমিটি জেলা বিএনপি সব নেতাকর্মীদের সমন্বয়ে পুনরায় গঠন করবেন বলে আশ্বাস দেন।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন জানান, এ কমিটি স্থগিত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে লিখিতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হবে। নতুন করে আবার কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার জানান, এই আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি কেন্দ্র থেকে অনুমোদন নেয়া হবে। কমিটি বাতিলের প্রক্রিয়া চলছে।











