স্বামী ‘মরে যেতে’ বলায় মদুনাঘাট সেতু থেকে ঝাঁপ

রাউজান প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

রাউজানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক প্রবাসীর স্ত্রী। গতকাল বিকাল পাঁচটায় মদুনাঘাট সেতুর উপর থেকে হালদা নদীতে ঝাঁপ দেন দুই সন্তানের জননী এই নারী। স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।
জানা যায়, ওই নারীর শ্বশুরবাড়ি রাউজানের কাগতিয়া গ্রামে। তার স্বামী প্রবাসে থাকেন। তিনি উদ্ধারকারীদের বলেছেন, দীর্ঘ সময় ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। স্বামীর সঙ্গে মোবাইলে এই নিয়ে কথা হয়। কিন্তু স্বামী সান্ত্বনা না দিয়ে তাকে মরে যেতে বলেন। তাই নদীতে ঝাঁপ দিয়ে মরার সিদ্ধান্ত নেন তিনি।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল বলেছেন, ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়েছিল। স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নোয়াপাড়ায় এসেছিলেন ওষুধ কিনতে। তাদের দাবি, এই গৃহবধূর মানসিক সমস্যা রয়েছে। ওই নারীকে স্বামীর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষের বিরুদ্ধে প্রভাষককে লাঞ্ছিত করার অভিযোগ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে হঠাৎ বন্ধ বাস অটোরিকশা