বাংলাদেশের স্বাধীনতার সাথে চট্টগ্রামের কৃতী সন্তান জহুর আহমদ চৌধুরীর নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গত শনিবার সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৯তম মৃুত্যুবার্ষিকী উপলক্ষে সিটি মেয়র কাউন্সিলরদের নিয়ে জহুর আহমদ চৌধুরীর কবরে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মেয়র বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় পাতায় জহুর আহমদ চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন–প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, মোহম্মদ ইসমাইল, নুরুল আমীন, আবদুস সালাম মাসুম, মো. আশরাফ, শাহেদ ইকবাল বাবু, আবদুল মান্নান, কাজী নুরুল আমীন, পুলক খাস্তগির, মোহম্মদ ইলিয়াস এবং নূর মোস্তাফা টিনু।
মহানগর আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জহুর আহমদ চৌধুরীর সন্তান হিসেবে পিতার স্মরণসভায় সভাপতিত্ব করাটা আমার জন্য মহান প্রাপ্তি। জহুর আহমদ চৌধুরী একজন সৃজনশীল রাজনীতিক ছিলেন। শনিবার সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা জহুর আহমদ চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নির্লোভ এবং শ্রমজীবী মানুষের কল্যাণকামী, রাজনীতিক মরহুম জহুর আহমদ চৌধুরী শুধু চট্টগ্রামের গৌরবই নন তিনি উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, মরহুম জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা স্তম্ভ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং এই যাবৎকালের সকল অর্জন ও প্রাপ্তি ধুয়ে মুছে যাবে। এ কারণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে চট্টগ্রামের মহানগরীর আওতাধীন ৩টি ও নগরী সংলগ্ন ৩টি আংশিক সহ ৬টি আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা যাকে দলীয় প্রতীক দেবেন তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে এখনি কর্ম উদ্যোগ নিতে হবে। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন নোমান আল মাহমুদ এমপি। সভামঞ্চে উপস্থিত ছিলেন, নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, আবদুচ সালাম, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসানী, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোছলেহ উদ্দিন মনসুর, বোরহান উদ্দিন এমরান, এড. মুজিবুল হক, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।














