‘স্বাধীনতা পদক’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

স্বাধীনতা পুরস্কার ২০২৬’এর জন্য মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয় মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তালিকা থেকে জানা যায়, দেশের সংস্কৃতিতে অবদানের জন্য জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফকে (হানিফ সংকেত) ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবরটি শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই পুরস্কার দর্শকদের উৎসর্গ করেন হানিফ সংকেত। খবর বাংলানিউজের।

সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার। কৃতজ্ঞতা প্রকাশ করে হানিফ সংকেত বলেন, আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষকোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। সুস্থ সংস্কৃতিই সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে বলে মনে করেন হানিফ সংকেত। এ কারণেই আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি ওই পোস্টে আরো বলেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের ‘কিং’-এ বলিউডের ৭০ শতাংশ তারকা!
পরবর্তী নিবন্ধহাঙ্গেরির বিরুদ্ধে ৪ কোটি ডলারসহ ব্যাংক কর্মকর্তাদের ‘জিম্মি’ করার অভিযোগ ইউক্রেনের