স্বাধীনতা দিবস আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের জনগণের জন্য মুক্তিযুদ্ধের প্রেরণা এবং সাহসিকতার বার্তা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত, যা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগের প্রেরণা দেয়। স্বাধীনতা দিবস আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক এবং জাতীয় গৌরবের স্মারক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসন শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন এবং প্রশিক্ষকগণ একক সংগীত পরিবেশন করেন। শেষে দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমদ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সফিজুল ইসলাম ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের অসীম ত্যাগ ও আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাই বাঙালির শ্রেষ্ঠ প্রাপ্তি। সেই মহান উপহারকে কেন্দ্র করেই আজকের এই আয়োজন। তিনি বলেন, বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা এক নদী রক্ত প্রবাহিত করেছেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা অর্জনে বিশ্বের কোনো জাতি এত ত্যাগ স্বীকার করেনি
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বালুভর্তি দুটি ট্রাক জব্দ